শান্তি ও নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল-এ গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রতিমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর।
শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনেগালের উদ্দেশ্যে যাত্রা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানান, ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকার-এ অনুষ্ঠিত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’তে অংশ নেবেন প্রতিমন্ত্রী।
এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও নীতিনির্ধারকরা বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করবেন।
সফর শেষে আগামী ২৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।