ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ কর্তৃপক্ষ সাত দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে।
শনিবার (১৮ এপ্রিল) একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুয়াজ ও মীর হামিদুর। জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে কলেজের বাঘমারা ছাত্রাবাসে তুচ্ছ বিষয়—বাইককে তেল ভরাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা ধস্তাধস্তি এবং মারধরে রূপ নেয়।
ঘটনার একপর্যায়ে হামিদুর বাইরে গেলে তার ওপর হামলা হয়। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কঠোর নজরদারি রাখা হবে।