প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসলামাবাদে সোমবার ফের বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

ইসলামাবাদে সোমবার ফের বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরান নতুন ধাপে পারমাণবিক আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে জানা গেছে। সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

শনিবার (১৮ এপ্রিল)আনাদোলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রতিনিধিদল রোববারই ইসলামাবাদে পৌঁছাতে পারে। তবে এখনো এই বৈঠক নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ওয়াশিংটন বা তেহরান।

এর আগে সপ্তাহান্তে অনুষ্ঠিত পূর্ববর্তী দফার আলোচনা দীর্ঘ সময় ধরে চললেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদও শিগগির শেষ হওয়ার কথা রয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “ইরানকে ঘিরে পরিস্থিতি ভালোভাবে এগোচ্ছে” এবং সম্প্রতি তিনি “খুব ভালো খবর” পেয়েছেন।

তবে সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, আগামী বুধবারের মধ্যে কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

অন্যদিকে, শি জিনপিং হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান ট্রাম্প। আসন্ন চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে তিনি ‘বিশেষ’ এবং সম্ভাব্য ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা