ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে দারুণ কিছু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতি ‘খুব ভালোভাবে এগোচ্ছে’ এবং অল্প সময় আগে তিনি এ বিষয়ে ‘ভালো খবর’ পেয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) আলজাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প বলেন, “মাত্র ২০ মিনিট আগে আমি খুব ভালো একটি খবর পেয়েছি। মনে হচ্ছে ইরানকে ঘিরে বিষয়গুলো ইতিবাচক দিকে এগোচ্ছে।” তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠতে পারে।
তিনি জানান, আগামী বুধবারের মধ্যে কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না এবং ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকবে। প্রয়োজনে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দেন তিনি।
এদিকে ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ায় শি জিনপিং সন্তোষ প্রকাশ করেছেন। আসন্ন চীন সফরে তার সঙ্গে বৈঠককে ‘বিশেষ’ ও সম্ভাব্য ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে প্রচলিত কোনো ফি আরোপ করা হবে না, তবে নিরাপত্তা সংক্রান্ত ব্যয়ের জন্য নতুন ফি নির্ধারণের বিষয়ে আইন প্রণয়নের কাজ চলছে।
তিনি আরও বলেন, প্রণালি ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট দেশগুলোকে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট সামরিক জাহাজকে এই পথ ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।