প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হরমুজ প্রণালিতে নতুন নিরাপত্তা ফি আরোপের ইঙ্গিত ইরানের

হরমুজ প্রণালিতে নতুন নিরাপত্তা ফি আরোপের ইঙ্গিত ইরানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬

গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন ধরনের ফি আরোপের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচলিত ট্রানজিট ফি আরোপ করা হবে না, তবে নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা খরচ নির্ধারণ করা হতে পারে।

শনিবার (১৮ এপ্রিল) আলজাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানান, এ বিষয়ে একটি খসড়া আইন প্রণয়নের কাজ চলছে। প্রস্তাবিত আইনে প্রণালির নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ফি নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ব সমন্বয় বাধ্যতামূলক করা হতে পারে। বিশেষ করে শত্রুপক্ষ হিসেবে বিবেচিত দেশ—যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—এর সঙ্গে সংশ্লিষ্ট সামরিক জাহাজকে এই পথ ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। তবে বন্ধুত্বপূর্ণ দেশের জাহাজগুলো নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চলাচল করতে পারবে।

রেজায়ি জোর দিয়ে বলেন, এই প্রণালির নিরাপত্তা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ইরান মেনে নেবে না।

এর আগে ইরানি সংবাদমাধ্যম আইএসএনএ জানায়, কিছু বাণিজ্যিক জাহাজকে নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হতে পারে।

এদিকে, প্রণালি আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, চলমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আগেই জানিয়েছিলেন, নির্দিষ্ট সময়ের জন্য এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রাখা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা