প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়ার হারাগাছে অবৈধ ভাবে বালু পরিবহন করায় ট্রাক্টর জব্দ

কাউনিয়ার হারাগাছে অবৈধ ভাবে বালু পরিবহন করায় ট্রাক্টর জব্দ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬

কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় অবৈধভাবে বালু মাটি উত্তোলন করে পরিবহণের ঘটনায় দুইটি ট্রাক্টর (কাঁকড়া গাড়ি) জব্দ করেছে পুলিশ।

এ ব্যাপারে হারাগাছ মেট্রো থানা পুলিশ বাদী হয়ে বালু মহল আইনের ধারায় বালু উত্তোলন চক্রের তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০ জনের নামে মামলা করেছে ।

হারাগাছ মেট্রো থানার এসআই রহুল আমিন জানান, উপজেলার হারাগাছ পৌর সভার চরাঞ্চল শাখারীপাড়া গ্রামে প্রশাসনের অনুমতি না নিয়ে আবাদী জমি থেকে স্থানীয় এক ব্যক্তি অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর (কাঁকড়া গাড়িতে) পরিবহের মাধ্যমে বিক্রি করছে । এমন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যার আগে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছিলে বালু ব্যবসায়ী ও শ্রমিকরা বালু বোঝাই ট্রাক্টর রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বালু বোঝাই দুইটি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

হারাগাছ মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অশোক চৌহান জানান, একটি অসাধু চক্র অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। পরিবেশ রক্ষায় এবং ফসলি জমির ক্ষতির আশংকা রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশের টিম অভিযান চালিয়ে দুইটি ট্রাক্টর জব্দ করেছে।

ওসি আরো বলেন,প্রশাসনের অনুমতি না নিয়ে আবাদী জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে হারাগাছ পৌর এলাকার বাংলাবাজার এলাকার অসাধু বালু ব্যবসায়ী বাবু মিয়া (৪৬), টশারবাজার মধ্য ঠাকুরদাশ গ্ৰামের ট্রাক্টর চালক সাদ্দাম হোসেন (২৫), মেনাজবাজার গাছবাড়ির ট্রাক্টর চালক আশিক (২২) ও অজ্ঞাত দশজনসহ ১৩ জনের বিরুদ্ধে বালু মহল আইনে ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা