মার্কিন নিষেধাজ্ঞা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেও ইরানের একটি সুপার অয়েল ট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ‘আরএইচএন’ নামের জাহাজটি বুধবার প্রণালিটি অতিক্রম করে উপসাগরে পৌঁছায়। জাহাজটি প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম হলেও প্রবেশের সময় এটি খালি ছিল বলে জানা গেছে।
জাহাজটির গন্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও ইরানের ফার্স নিউজ এজেন্সির দাবি, এটি দেশটির ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হয়েছে। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এদিকে, ইরান জানিয়েছে যে তারা হরমুজ প্রণালির ওমান-সংলগ্ন অংশ দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি প্রস্তাব বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তা কমাতে এমন পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বে ব্যবহৃত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ পরিবহন করা হয়।