দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তিনি সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তন-এ পৌঁছান।
জানা গেছে, দুপুরের পর সচিবালয়ে প্রবেশের পর বিকেল ৩টা ৩৭ মিনিটে তিনি অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে তার।
এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হচ্ছে।
এ বছর মরণোত্তরভাবে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও যাঁরা মনোনীত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন মেজর মোহাম্মদ আবদুল জলিল, অধ্যাপক জহুরুল করিম, আশরাফ সিদ্দিকী, হানিফ সংকেত, বশীর আহমেদ, ক্রীড়াবিদ জোবেরা রহমান (লিনু) এবং ডা. জাফরুল্লাহ চৌধুরী-সহ আরও অনেকে।
প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, গণস্বাস্থ্য কেন্দ্র এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, যা মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।