গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির পাশ থেকে এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে কে বা কাহারা তাকে হত্যা করে আনসার একাডেমির পাশে ফেলে রেখে গেছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সূত্রে জানা যায় সকালে এলাকার লোকজন কর্মস্থলে যাওয়ার সময় দেখেন একটি অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। বিষয়টি জানাজানি হলে অনেক লোকজন ভীড় করে দেখার জন্য।
পড়ে থাকা লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। কে বা কাহারা এই কাজ করেছে পুলিশ তা তদন্ত করে দেখবেন বলে জানান।
পুলিশ এসে লাশটি উদ্ধার করলে জানা যায় লাশটি বগুড়া জেলার নন্দীগ্রাম থানার ভাটগ্রাম গ্রামের নবাব আলীর পুত্র শফিকুল ইসলাম বুলবুলের।
তিনি দীর্ঘদিন ধরে সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ঔষধ কোম্পানিতে প্রোডাকশন বিভাগের এটেনডেন্স হিসেবে চাকরি করেন এবং সফিপুর আনসার একাডেমির ০৩ নং গেইটে তার নিজস্ব বাসায় থাকেন।
তবে কেন তাকে এভাবে হত্যা করা হয়েছে এবং কে বা কাহারা এই কাজ করেছে এবিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। এঅবস্থায় এলাকায় বেশ আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় জনমনে সংশয় এবং ভীতির সৃষ্টি হয়েছে।