বেলজিয়াম কর্তৃপক্ষ যুক্তরাজ্য থেকে ইসরায়েল-এ পাঠানোর উদ্দেশ্যে আনা সামরিক যন্ত্রাংশের দুটি চালান জব্দ করেছে। গত ২৪ মার্চ লিজ বিমানবন্দর-এ এই চালানগুলো আটক করা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, এর আগে বিভিন্ন সংস্থা ডিক্লাসিফাইড, এনজিও ভ্রেডেসাক্টি, সাইট দ্য ডিচএবং প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট বেলজিয়াম সরকারকে এ বিষয়ে সতর্ক করেছিল।
প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের আকাশসীমা বা বিমানবন্দর ব্যবহার করে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পরিবহনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই নির্দেশনা অনুসারেই চালান দুটি জব্দ করা হয়।
তল্লাশিতে ‘ফায়ার কন্ট্রোল সিস্টেম’ এবং সামরিক বিমানের খুচরা যন্ত্রাংশ পাওয়া গেছে, যদিও কাগজপত্রে এগুলোকে সাধারণ বিমানের যন্ত্রাংশ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে বেলজিয়াম সরকার। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করলেও ওয়্যালুন আঞ্চলিক কর্তৃপক্ষ মুগ নামের একটি মার্কিন কোম্পানির সংশ্লিষ্টতার কথা জানিয়েছে, যার কারখানা যুক্তরাজ্যে অবস্থিত।
তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি এম-৩৪৬ প্রশিক্ষণ বিমানের জন্য যন্ত্রাংশ তৈরি করে, যা ইসরায়েলি পাইলটদের প্রশিক্ষণে ব্যবহৃত হয়। এছাড়া অন্তত ১৭টি চালান একই রুটে পরিবহনের তথ্যও পাওয়া গেছে।
তদন্তে আরও জানা গেছে, এসব চালান ‘ওপেন ইন্ডিভিজুয়াল এক্সপোর্ট লাইসেন্স’-এর আওতায় পাঠানো হলেও যথাযথ ট্রানজিট লাইসেন্স নেওয়া হয়নি, যা বেলজিয়ামের আইনে বাধ্যতামূলক।
উল্লেখ্য, ২০২৪ সালে যুক্তরাজ্য ইসরায়েলে অস্ত্র রপ্তানির কিছু লাইসেন্স স্থগিত করেছিল, কারণ গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য ও নিয়ন্ত্রণ ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।