প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৩৪ বছর পর ইসরায়েল-লেবানন নেতাদের আলোচনা আজ

৩৪ বছর পর ইসরায়েল-লেবানন নেতাদের আলোচনা আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬

দীর্ঘ ৩৪ বছর পর ইসরায়েল ও লেবানন-এর শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি ফোনালাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, “দীর্ঘ সময় ধরে দুই দেশের নেতাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি—প্রায় ৩৪ বছর। অবশেষে সেই অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাতের জেরে ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

হিজবুল্লাহ দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারির হামলা ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর হত্যাকাণ্ডের প্রতিশোধ।

২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগও তুলে ধরে তারা নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। অপরদিকে, ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে ২ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে দক্ষিণ লেবাননে অভিযান আরও বিস্তৃত করার নির্দেশ দিয়েছেন। তার লক্ষ্য, সীমান্ত এলাকায় একটি ‘বাফার জোন’ তৈরি করা।

অন্যদিকে লেবানন সরকার যুদ্ধবিরতি কার্যকর করা এবং তাদের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

বিশ্লেষকদের মতে, এই ফোনালাপ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে কূটনৈতিক অগ্রগতির নতুন পথ তৈরি হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা