কুমিল্লা-সিলেট মহাসড়কে নিয়মিত দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করে সড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর ফ্লোর নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে তিনি নিজ এলাকার মানুষের মুখোমুখি হতে পারছেন না। সড়কের অবস্থা নিয়ে তিনি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, “আমি সংসদের কাছে ভিক্ষা চাই, এই রাস্তাটি দ্রুত প্রশস্ত করার ব্যবস্থা করুন—এটি প্রায় ১০ লাখ মানুষের জীবন বাঁচাতে পারে।”
সংসদে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, বক্তব্য দেওয়ার আগ মুহূর্তেই ওই মহাসড়কে তিনজন মানুষ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, চলতি মাসেই এ সড়কে ২৩ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের প্রস্থ মাত্র ১৮ ফুট, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংযোগ সড়কের জন্য অপর্যাপ্ত। চট্টগ্রাম থেকে সিলেট যাতায়াতের ক্ষেত্রে এটিই প্রধান রুট বলেও তিনি উল্লেখ করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, রাস্তাটি ছয় লেন করার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না এবং প্রশাসনিক জটিলতার কারণে কাজ আটকে আছে।
পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল সংশ্লিষ্ট বিধি অনুযায়ী নোটিশ দিয়ে বিষয়টি উত্থাপনের পরামর্শ দেন, যাতে সংশ্লিষ্ট মন্ত্রী সংসদীয় কার্যপদ্ধতি অনুযায়ী জবাব দিতে পারেন।