ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আহ্বানের জবাব দিয়েছে চীন। ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, চীন ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে।
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তেহরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের যে খবর গণমাধ্যমে এসেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
এর আগে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে চিঠি দিয়ে ইরানে অস্ত্র না পাঠানোর অনুরোধ জানান। একই পোস্টে তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালি স্থায়ীভাবে উন্মুক্ত রাখার ফলে চীন সন্তুষ্ট এবং এটি বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে নতুন একটি তথ্য সামনে এসেছে। এতে বলা হয়, ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করেছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি পর্যবেক্ষণে ব্যবহৃত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘টিইই-০১বি’ নামের এই স্যাটেলাইটটি চীনা প্রতিষ্ঠান আর্থ আই তৈরি ও উৎক্ষেপণ করে। পরে ২০২৪ সালের শেষ দিকে এটি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-এর অ্যারোস্পেস ইউনিটের নিয়ন্ত্রণে আসে।
ফাঁস হওয়া নথির বরাতে বলা হয়েছে, এই স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর নজরদারি চালানো হয়। এমনকি গত মার্চে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ওই স্যাটেলাইট থেকে তোলা ছবি ব্যবহৃত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে এবং বৃহৎ শক্তিগুলোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়াতে পারে।