যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় জরুরি মানবিক সহায়তা হিসেবে ৫৩০ টন ত্রাণ পাঠিয়েছে আফগানিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (১৫ এপ্রিল) আনাদুলু এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মিসর-এ অবস্থানরত আফগান প্রতিনিধিদল ত্রাণসামগ্রী সংগ্রহ করে রাফা সীমান্ত দিয়ে গাজায় পৌঁছে দেয়।
পাঠানো ত্রাণের মধ্যে রয়েছে খাদ্য, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এসব সহায়তার মোট মূল্য প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার বলে জানানো হয়েছে। গাজার প্রায় ২২ হাজার পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হবে।
ফিলিস্তিন ইস্যুতে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে আফগানিস্তান জানিয়েছে, ঐতিহাসিক বাস্তবতা ও ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের ভিত্তিতে সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।
অন্যদিকে, ফিলিস্তিন-এর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সাল থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭২ হাজার ৩৩৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭২ হাজার মানুষ।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী নিয়মিত হামলা চালিয়ে তা লঙ্ঘন করছে। যুদ্ধবিরতির পর থেকে অন্তত ৭৫৭ জন নিহত এবং ২ হাজার ১১১ জন আহত হয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক আহ্বান থাকা সত্ত্বেও গাজায় খাদ্য, চিকিৎসা সামগ্রী ও আশ্রয় উপকরণ প্রবেশে নানা প্রতিবন্ধকতা এখনো বিদ্যমান রয়েছে।