প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও দুই জ্বালানিবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও দুই জ্বালানিবাহী জাহাজ,
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬

দেশের জ্বালানি চাহিদা পূরণে আরও ৬৮ হাজার টন ডিজেল নিয়ে দুটি বড় জাহাজ চট্টগ্রাম বন্দর-এ এসে পৌঁছেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয় এবং সেখান থেকে প্রাথমিক খালাস কার্যক্রম শুরু হয়।

বর্তমানে বহির্নোঙর ও ডলফিন অয়েল জেটিতে মোট তিনটি বিদেশি জাহাজ অবস্থান করছে। এসব জাহাজ থেকে পর্যায়ক্রমে ডিজেল ও জেট এ-১ (বিমান জ্বালানি) খালাস করা হচ্ছে।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও বন্দর কর্তৃপক্ষ।

সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার টন জেট এ-১ জ্বালানি নিয়ে আসা ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামের জাহাজটি ইতোমধ্যে ডলফিন অয়েল জেটিতে নোঙর করে খালাস কার্যক্রম চালাচ্ছে। এই জ্বালানি দেশের বিমান পরিবহন খাতে ব্যবহার করা হবে।

অন্যদিকে, প্রায় ৩৪ হাজার টন ডিজেলবাহী ‘এমটি লুসিয়া সলিস’ বহির্নোঙরে পৌঁছে লাইটারেজ পদ্ধতিতে খালাস শুরু করেছে। জোয়ারের সময় জাহাজটিকে ডলফিন অয়েল জেটিতে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ৩২ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি টর্ম দামিনি’ নামের আরেকটি জাহাজ বহির্নোঙরে অবস্থান করছে এবং সেখান থেকেই জ্বালানি খালাস চলছে। এটিকেও পর্যায়ক্রমে জেটিতে আনা হবে বলে জানা গেছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, জোয়ার-ভাটার সময়সূচি অনুযায়ী জাহাজ ভেড়ানো হয় এবং দক্ষ পাইলট ও টাগবোটের সহায়তায় কর্ণফুলী চ্যানেল দিয়ে নিরাপদে জাহাজ পরিচালনা করা হচ্ছে।

বিপিসি সূত্রে জানা গেছে, দেশের জ্বালানি চাহিদা মাথায় রেখে আমদানি, খালাস ও পরিবহন কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। ফলে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা