মুন্নু গ্রুপের তালিকাভুক্ত তিনটি কোম্পানির মোট ৩৮ লাখের বেশি শেয়ার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। প্রয়াত মায়ের সম্পত্তি হিসেবে পাওয়া এসব শেয়ারের বর্তমান বাজারমূল্য ১৮ কোটি টাকার বেশি বলে জানা গেছে।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও মুন্নু ফেব্রিকস—এই তিন কোম্পানির শেয়ার হস্তান্তরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, মন্ত্রীর মা এবং মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরন নাহার রশিদ গত ১ মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তাঁর মালিকানাধীন শেয়ার উত্তরাধিকার সূত্রে আফরোজা খানমের নামে হস্তান্তর করা হয়।
হস্তান্তরিত শেয়ারের মধ্যে রয়েছে মুন্নু অ্যাগ্রোর ৮৪ হাজার ২৪৭টি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ-এর ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি এবং মুন্নু ফেব্রিকস-এর ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ার।
ডিএসই-তে বুধবারের বাজারদর অনুযায়ী, এসব শেয়ারের সম্মিলিত মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি ১৭ লাখ টাকা। এককভাবে মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক এবং মুন্নু ফেব্রিকসের শেয়ারমূল্য যথাক্রমে প্রায় ২ কোটি ৯৪ লাখ, ৯ কোটি ২২ লাখ এবং ৬ কোটি ১ লাখ টাকা।
কোম্পানি সূত্রে জানা যায়, হুরন নাহার রশিদ মুন্নু গ্রুপের তিন প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালক ছিলেন এবং জীবদ্দশায় তাঁর সম্পদের উত্তরাধিকার হিসেবে মন্ত্রী আফরোজা খানমকে মনোনীত করেছিলেন। সেই অনুযায়ী তার মৃত্যুর পর আইনগত প্রক্রিয়ায় শেয়ারগুলো হস্তান্তর করা হয়।