ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করতে ব্যবসায়ীদের তালিকাভুক্ত করে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখলমুক্ত করে একটি পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে ফুটপাতে ব্যবসা করার জন্য নির্দিষ্ট নীতিমালা তৈরি করা হবে। সেই নীতিমালার আওতায় বৈধভাবে ব্যবসা করতে চাইলে সিটি করপোরেশনের অনুমতি ও লাইসেন্স নিতে হবে।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, একটি বাসযোগ্য নগর গড়তে নাগরিক ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি ‘ফিফটি-ফিফটি’ অংশীদারিত্বের ভিত্তিতে শহর ব্যবস্থাপনা কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত ইতোমধ্যে দখলমুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই অবস্থান ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। কোথায় এবং কীভাবে হকাররা বসবেন সে বিষয়ে একটি সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হচ্ছে।
এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী এক সপ্তাহের মধ্যে জরিপ কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।
পরিষ্কার-পরিচ্ছন্ন নগর গঠনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শহরের রাস্তা ও ফুটপাতে ময়লা না ফেলার বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে। পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।