প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১ জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিঃ প্রধানমন্ত্রী

১ জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিঃ প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ চালু হতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় দেশের বাকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী জানতে চান, প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের অঙ্গীকার অনুযায়ী শিক্ষকদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়ে মোট ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র মাধ্যমে ইতোমধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নতুন কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকরাও এই প্রশিক্ষণের আওতায় আসবেন।

অন্যদিকে, বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম উপকূলীয় অঞ্চলের উন্নয়নের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের বিষয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার এবং সুনীল অর্থনীতির বিকাশ সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০০৫ সালে প্রণীত ‘উপকূলীয় অঞ্চল নীতি’ দেশের উপকূলীয় এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে সরকার সমুদ্র অঞ্চল পরিকল্পনা (MSP) কার্যক্রম নিয়ে কাজ করছে এবং প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই এ বিষয়ে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা