মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরগুলোতে পূর্ণাঙ্গ অবরোধ কার্যকর করা হয়েছে। মার্কিন বাহিনী দাবি করছে, এ অঞ্চলে তাদের সামুদ্রিক নিয়ন্ত্রণ এখনো অটুট রয়েছে।
এই অবরোধের অংশ হিসেবে বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকারকে তাদের গন্তব্য পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি দুটি ইরানি জাহাজকে আটকের খবরও প্রকাশ পেয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজির ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার উল্লেখ করেন, ইরানের অর্থনীতির বড় অংশই সমুদ্রপথে বাণিজ্যের ওপর নির্ভরশীল। তার মতে, অবরোধ শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই ইরানে প্রবেশ ও প্রস্থানকারী প্রায় সব ধরনের বাণিজ্যিক নৌযান কার্যত থেমে গেছে।
মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধজাহাজ থেকে রেডিও বার্তার মাধ্যমে জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং কোনো ধরনের সরাসরি সংঘর্ষ ছাড়াই জাহাজগুলো নির্দেশ মেনে নেয়।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অন্তত আটটি বাণিজ্যিক জাহাজকে বন্দরে প্রবেশ বা বের হওয়া থেকে বিরত রাখা হয়েছে। বিশেষ করে চাবাহার বন্দর থেকে ছেড়ে যাওয়া কয়েকটি জাহাজকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, এই অবরোধ কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়; বরং ইরানি বন্দর ব্যবহারকারী সব দেশের জাহাজের ক্ষেত্রেই সমানভাবে প্রয়োগ করা হচ্ছে। মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারগুলো এই অভিযান পরিচালনায় প্রধান ভূমিকা রাখছে।
তাদের দাবি, অবরোধ কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো জাহাজ এই নিয়ন্ত্রণ ভেঙে যেতে পারেনি।