প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত আরেকজন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬

যশোরের ঝিকরগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মহিউদ্দিন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরও একজন আহত রয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেনিয়ালি এলাকায় ব্র্যাক অফিসের পাশে যশোর বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন বাঘারপাড়া উপজেলার পার্বতীপুর গ্রামের হাজী শহিদের ছেলে। আহত কামরুল ইসলাম নান্টু (২৯) একই উপজেলার চন্ডিপুর গ্রামের মুরাদ বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলযোগে শার্শা উপজেলার জামতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়েই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন মারা যান। অপর আহত কামরুল ইসলাম নান্টু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় জড়িত পিকআপটি পালিয়ে গেছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অপর একজন চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা