জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের দাবিতে টানা অনশন কর্মসূচি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার বলারদিয়ার চৌধুরী মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর মিয়া নামে এক যুবক ২০২৪ সালে এসএসসি পাশ করার পর পড়াশোনা ছেড়ে স্বর্ণকারের কাজ শুরু করেন। প্রায় আট মাস আগে একই এলাকার নবম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে তার পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়।
সম্প্রতি ওই কিশোরী প্রেমিককে বিয়ের দাবিতে পঞ্চমবারের মতো অনশনে বসেন। বর্তমানে তিনি স্থানীয়দের সিদ্ধান্তে প্রেমিকের বাড়ির পাশের কাইঞ্চা মিয়ার বাড়িতে অবস্থান করছেন এবং সেখানেই অনশন চালিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তার পরিবারের কিছু সদস্যসহ স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিয়েতে বাধা দিচ্ছেন। এ কারণে তিনি বিয়ের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন।
এদিকে কিশোরীর আত্মহানির ইঙ্গিত দেওয়ার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উদ্বেগ আরও বেড়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং বাল্যবিবাহ প্রতিরোধ আইনসহ আইনগত দিক বিবেচনায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, তবে খোঁজ নিয়ে দেখবেন। অন্যদিকে সরিষাবাড়ী থানার ওসি জানিয়েছেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।