মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি এবং নজরদারির মধ্যেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। গত রাত থেকে গুরুত্বপূর্ণ এই জলপথে অন্তত চারটি জাহাজ চলাচল করতে দেখা গেছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থাগুলো।
যুক্তরাষ্ট্রের সেন্টকম বাংলাদেশ সময় সোমবার রাত ৮টা থেকে হরমুজ প্রণালির আশপাশে ইরানি বন্দরের কার্যক্রমে নজরদারি ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ কার্যকর করার ঘোষণা দেয়। ওই ঘোষণার পর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, চারটি ট্যাঙ্কারকে প্রণালিটি অতিক্রম করতে দেখা গেছে।
জাহাজগুলো তেল, গ্যাস অথবা রাসায়নিক পরিবহনে ব্যবহৃত ট্যাঙ্কার হিসেবে শনাক্ত হলেও, এগুলোর সঙ্গে ইরানের কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থাটি। এছাড়া এসব জাহাজের কোনোটি ইরানি বন্দরের নাম গন্তব্য হিসেবে উল্লেখ করেনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা জাহাজগুলোকে নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে সব জাহাজকে নির্বিঘ্নে প্রবেশ ও প্রস্থান করার অনুমতি দেওয়া হবে, তবে বর্তমানে ইরানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই জলপথে চলমান পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল বলে উল্লেখ করছেন, কারণ হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।