বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব বাংলা ভাষাভাষীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক বার্তায় তিনি বলেন, “বিদায় ১৪৩২, স্বাগত ১৪৩৩। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। এ উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিগত ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক। বছরের এই দিনটি নতুন সম্ভাবনা ও নতুন প্রত্যয়ের বার্তা নিয়ে প্রতি বছর ফিরে আসে, যা মানুষকে পুরোনো হতাশা ও জীর্ণতা কাটিয়ে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
তারেক রহমান উল্লেখ করেন, কৃষিনির্ভর সমাজব্যবস্থার সঙ্গে পহেলা বৈশাখের গভীর সম্পর্ক রয়েছে। আধুনিক প্রযুক্তির যুগেও কৃষি কার্যক্রম প্রকৃতির সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়। বৈশাখী মেলা, শোভাযাত্রা ও হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করে।
তিনি বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক পরিবর্তনের পর নতুন গণতান্ত্রিক যাত্রায় সরকার জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচির পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হয়েছে, যা ভবিষ্যতে কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বার্তায় তিনি আরও বলেন, দেশের মানুষের ধর্মীয় সহনশীলতা, সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। বর্তমান বৈশ্বিক সংকটের সময়ে শান্তি, সহমর্মিতা ও ঐক্যের চর্চা অত্যন্ত জরুরি।
শেষে তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং সবাই অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাক।