জুলাই আছে বলেই আমরা আছি, জুলাই আছে বলেই সরকার ও বিরোধীদল আছে এবং আমরা সবাই ‘জুলাই প্রোডাক্ট’ বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক এক জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় জোট এই সেমিনারের আয়োজন করে।
তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনে ত্যাগ স্বীকারের কথাও উল্লেখ করেন তিনি।
শফিকুর রহমান আরও বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয়; বরং এটি জনগণের রায় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে পরিচালিত হচ্ছে।
তিনি জানান, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই সংগ্রাম অব্যাহত থাকবে। পাশাপাশি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আন্দোলন সফল করতে জনগণের সক্রিয় সমর্থন প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশে কোনো ধরনের স্বৈরাচারী বা পারিবারিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।