ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে। তবে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশু ভর্তি হয়। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২৫ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ৪২৫ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ৩২৭ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর এ পর্যন্ত ১২ শিশুর মৃত্যু হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হাসপাতালের শিশু বিভাগে হামে আক্রান্ত রোগী ভর্তি শুরু হয় এবং মার্চের মাঝামাঝি সময় থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে।
বর্তমানে রোগীদের জন্য ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিচ্ছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত এক দিনে নতুন রোগী বাড়লেও কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক।