বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, বর্তমান সরকারের আচরণে জনগণকে অবজ্ঞা করার প্রবণতা স্পষ্ট, যা তিনি ‘ভূতের প্রভাব’ হিসেবে উল্লেখ করেছেন।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ১১ দলীয় জোট এই সেমিনারের আয়োজন করে।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে এবং উন্নয়নকে গণতন্ত্রের বিকল্প হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তার দাবি, জনগণকে অবমূল্যায়নের এই প্রবণতার ফলেই শেষ পর্যন্ত রাজনৈতিক পতন ঘটে।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, একই ধরনের মনোভাব এখনো দেখা যাচ্ছে। সংসদে জনগণকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং প্রতিনিধিদের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া তিনি বিএনপির ভূমিকাও সমালোচনা করেন। তার মতে, বিএনপিকেও অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে, না হলে একই পরিণতির ঝুঁকি রয়েছে।
রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে মামুনুল হক বলেন, ক্ষমতায় গেলে জনগণকে ছোট করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। গণভোটের রায় উপেক্ষা করা হলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা মোকাবিলার জায়গা হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজপথ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।