প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রণয় ভার্মা। সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় ভারত সরকারের সহযোগিতা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠতম প্রতিবেশী দেশগুলোর একটি। আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতার উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়নে ভারতের সমর্থন।

স্পিকার জানান, বর্তমান জাতীয় সংসদ অত্যন্ত সক্রিয় ও প্রাণবন্ত। বিরোধী দলও কার্যকর ভূমিকা পালন করছে। সংসদীয় সম্পর্ক জোরদারে উভয় দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্বিপক্ষীয় সফর বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

সাক্ষাৎ শেষে হাইকমিশনার স্পিকারকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

এ সময় ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা