ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১২ এপ্রিল) এ নিয়োগ অনুমোদন পায়।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আশের গ্রুনিসের নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের নিয়োগ পরামর্শক কমিটি গফম্যানের প্রার্থিতা অনুমোদন করে। এর পরপরই তাকে মোসাদের পরবর্তী প্রধান হিসেবে নিয়োগপত্রে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।
আগামী ২ জুন থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন গফম্যান। তিনি বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন।
ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেলারুশে জন্ম নেওয়া গফম্যান ১৯৯০ সালে পরিবারের সঙ্গে ইসরায়েলে পাড়ি জমান। শৈশবে তিনি পশ্চিম তীরের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, যা কঠোর ইহুদিবাদী আদর্শের জন্য পরিচিত।
সামরিক জীবনের শুরুতে স্বাস্থ্যগত কারণে বিশেষ বাহিনীতে যোগ দিতে না পারলেও ১৯৯৫ সালে ১৮৮তম আর্মার্ড ব্রিগেডে যুক্ত হন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে সামরিক পেশাই তার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
দীর্ঘ কর্মজীবনে গফম্যান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে ব্যাটালিয়ন কমান্ডার, ডিভিশনের অপারেশন কর্মকর্তা, ব্রিগেড কমান্ডার এবং প্রশিক্ষণ কেন্দ্রের প্রধানসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।