প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বগুড়ায় সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬

দীর্ঘ প্রায় ২০ বছর পর একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, আগামী ২০ এপ্রিল সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

সফরের শুরুতেই তিনি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করা হবে।

এ সময় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বাঘবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।

দুপুরে প্রধানমন্ত্রী ‘শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল’ পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা পরিদর্শন করবেন।

বিকেলে বগুড়া সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি ও নামাজ শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়া জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা