প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংরক্ষিত আসনে দুই বোনের লড়াই: কার দিকে ঝুঁকছে বিএনপি

সংরক্ষিত আসনে দুই বোনের লড়াই: কার দিকে ঝুঁকছে বিএনপি
সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে জামালপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে একই পরিবারের দুই চাচাতো-জেঠাতো বোন সাদিয়া হক ও সালিমা তালুকদার আরুণীর মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

দলীয় সূত্রে জানা যায়, প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা সালিমা তালুকদার আরুণী দীর্ঘদিন ধরে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য অনুসরণ করে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তৃণমূলের একটি অংশ মনে করছে, তার রাজনৈতিক উত্তরাধিকার ও অভিজ্ঞতার কারণে মনোনয়ন পেলে তা হবে ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার একটি উদাহরণ।

অন্যদিকে, সাদিয়া হক দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয়। আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, একাধিকবার গ্রেফতার ও কারাবরণসহ রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ডে অবিচল ছিলেন। তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক দক্ষতা ও সক্রিয় উপস্থিতি তাকে একজন পরীক্ষিত নেত্রী হিসেবে পরিচিত করেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই প্রার্থীর মধ্যে একজনের ভিত্তি পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, অন্যজনের ভিত্তি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগ।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ বলেন, মনোনয়ন প্রক্রিয়ায় যোগ্যতা, ত্যাগ, অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি আরও বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বই নেবে এবং যিনি দলকে সংগঠিত করতে সক্ষম হবেন, তাকেই মনোনয়ন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এখন সকলের দৃষ্টি দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের দিকে। সংরক্ষিত নারী আসনে শেষ পর্যন্ত কে মনোনয়ন পাচ্ছেন, তা নিয়েই চলছে রাজনৈতিক অপেক্ষা ও জল্পনা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা