পবিত্র হজকে সামনে রেখে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনাবিষয়ক জাতীয় কমিটির বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, হজযাত্রীদের যাত্রা ও অবস্থানকালীন সময়ে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়ে আগেই সব ধরনের প্রস্তুতি নিতে হবে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানানো হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।
হজযাত্রীদের পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স ব্যবহৃত হবে।
সভায় হজ ব্যবস্থাপনা উন্নয়ন, অনলাইন তথ্য ব্যবস্থাপনা, এজেন্সির কার্যক্রম মূল্যায়ন এবং অভিযোগ থাকা এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।