প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুকসুদপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু

মুকসুদপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু
গোপালগঞ্জ জেলা, প্রতিনিধি
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হতে যাচ্ছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

আগামী ১৪ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) থেকে ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ (৮২৭/৮২৮) ট্রেনটি মুকসুদপুর স্টেশনে ২ মিনিটের জন্য যাত্রাবিরতি করবে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম)-এর পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পি) মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত ৯ এপ্রিলের এক দাপ্তরিক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই এই স্টপেজ কার্যকর হচ্ছে, যা এ অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ঢাকা–খুলনা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ঢাকা–বেনাপোল রুটের ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ চালুর পর থেকেই মুকসুদপুরে যাত্রাবিরতির দাবি জোরালো হয়ে ওঠে।

এ বিষয়ে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন বলে জানা গেছে। তাঁর উদ্যোগে এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে আসে বলে স্থানীয়রা দাবি করছেন।

যাত্রাবিরতি চালুর ফলে মুকসুদপুর ও আশপাশের এলাকার মানুষের ঢাকা ও বেনাপোল যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

তবে স্থানীয়রা দাবি জানিয়েছেন, ঢাকা–খুলনা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটিও মুকসুদপুর স্টেশনে অল্প সময়ের জন্য থামানো হলে কর্মজীবী যাত্রীদের জন্য আরও সুবিধা হবে।

এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা