প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরকার ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছেঃ জামায়াত আমির

সরকার ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছেঃ জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

সরকার আবারও ফ্যাসিবাদী ধারা প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মেনে নেওয়া হবে না এবং জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও অংশগ্রহণকারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই জাদুঘরকে সরকার দলীয়করণ করছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। পাশাপাশি ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তিনি।

তিনি দাবি করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক পরিসর সংকুচিত করা হচ্ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক কৌশল তুলে ধরে তিনি বলেন, সংসদের ভেতরে যতদিন সম্ভব আন্দোলন চালানো হবে, তবে মূল লড়াই হবে রাজপথে।

একই অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না এবং আগামীর আন্দোলনে শীর্ষ নেতারাই সামনে থেকে নেতৃত্ব দেবেন।

নাহিদ ইসলাম আরও বলেন, এবার আন্দোলনের লক্ষ্য আংশিক নয়, পূর্ণ সফলতা অর্জন। প্রয়োজনে নেতারাই সামনে থেকে ঝুঁকি নেবেন বলেও তিনি উল্লেখ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা