মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে এলপিজিবাহী দুটি জাহাজ ভিড়েছে। পাশাপাশি আরও কয়েকটি এলএনজি ও এলপিজি বহনকারী জাহাজ পর্যায়ক্রমে আসার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে ‘ডিএল লিলি’ এবং ভারত থেকে আসা একটি গ্যাসবাহী জাহাজ বন্দরে পৌঁছায়।
তিনি আরও জানান, রোববার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি বহনকারী ‘কংটং’ জাহাজ আসার কথা রয়েছে। এছাড়া সোমবার মালয়েশিয়া থেকে ‘পল’ নামের আরেকটি এলপিজি জাহাজ পৌঁছাবে। আগামী ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ‘মারান গ্যাস হাইড্রা’ এবং ১৮ এপ্রিল ‘লবিটো’ নামের এলএনজি জাহাজ দেশে পৌঁছানোর সূচি রয়েছে।
এলপিজি (লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস) মূলত প্রোপেন ও বিউটেনের মিশ্রণ, যা সিলিন্ডারে ভরে বাসাবাড়ি, রেস্তোরাঁ এবং যানবাহনে ব্যবহৃত হয়। পাইপলাইন সুবিধা না থাকা এলাকাগুলোতে এটি গৃহস্থালি ও ক্ষুদ্র শিল্পের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস।
অন্যদিকে এলএনজি (লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) হলো অত্যন্ত শীতল অবস্থায় সংরক্ষিত প্রাকৃতিক গ্যাস, যা বিদ্যুৎ কেন্দ্র ও বড় শিল্পকারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সার, টেক্সটাইল ও সিরামিক শিল্পে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি আন্তর্জাতিক জাহাজ ও ভারী যানবাহনের জ্বালানি হিসেবেও এলএনজির ব্যবহার বাড়ছে।