আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি স্থাপিত মাইন অপসারণে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)। এ কাজে প্রাথমিকভাবে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।
সেন্টকোমের এক্স পোস্টে জানানো হয়, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন এবংইউএসএস মাইকেল মারফি ইতোমধ্যে হরমুজ প্রণালির দিকে রওনা হয়েছে। ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থাপন করা জলমাইন অপসারণই এই অভিযানের মূল লক্ষ্য।
সেন্টকোমের কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার জানান, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌপথ তৈরি এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বেসামরিক জাহাজ চলাচল পুরোপুরি সচল করার পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানের পর হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে তেহরান। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে জলমাইন স্থাপন করে আইআরজিসি। তবে মাইন বসানোর নির্দিষ্ট তথ্য সংরক্ষণ না থাকায় এখন সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, মাইন অপসারণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং শিগগিরই বিশেষায়িত মাইন ধ্বংসকারী নৌযানও পাঠানো হবে।
সাম্প্রতিক সময়ে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। একদিকে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জাহাজ চলাচলের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রণালিতে যেকোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।