প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আপাতত বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

আপাতত বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১২ এপ্রিল) ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও চলমান যুদ্ধের কারণে দেশের মানুষ উদ্বেগে রয়েছে। এ অবস্থায় সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা। সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। দাম বাড়ানো নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তিনি স্পষ্ট করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বিভিন্ন ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে প্রস্তাবটি পর্যালোচনা করে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

এদিকে, বৈঠকে সরবরাহকারীদের জন্য কিছু অতিরিক্ত সুবিধা দিয়ে মুনাফা সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা