প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আবারও আন্দোলনের প্রস্তুতির ঘোষণা নাহিদ ইসলামের

আবারও আন্দোলনের প্রস্তুতির ঘোষণা নাহিদ ইসলামের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তার মতে, এটি কোনো একক দলের বিষয় নয়, বরং “বাংলাদেশ এবং জুলাই গণ-অভ্যুত্থান রক্ষার” বিষয়।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে তারা শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তিনি দাবি করেন, জুলাই যোদ্ধাদের জন্য আগের তুলনায় বর্তমান সরকার কতটা কার্যকর পদক্ষেপ নিয়েছে, তা মূল্যায়ন করা দরকার।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমে কিছু ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে।

আন্দোলনের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের ত্যাগ যেন বৃথা না যায়, সেই লক্ষ্যেই তারা মাঠে থাকতে চান।

তিনি আরও দাবি করেন, রাজপথের আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবার নেতৃত্বের সামনে তারাই থাকবেন। প্রয়োজনে ঝুঁকি নিজেরাই গ্রহণ করবেন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান। সভায় জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা