প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসলামাবাদ ছাড়ল ইরানি প্রতিনিধি দল

ইসলামাবাদ ছাড়ল ইরানি প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ত্যাগ করেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

রোববার (১২ এপ্রিল) মেহের নিউজের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের পার্লামেন্ট স্পিকার  মোহাম্মাদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির নেতৃত্বে থাকা প্রতিনিধিরা ইসলামাবাদ থেকে দেশে ফিরে গেছেন।

এর আগে প্রায় ২১ ঘণ্টাব্যাপী দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ত্যাগ করেন এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্তসমূহ গ্রহণ করেনি।

অন্যদিকে, আলোচনায় অগ্রগতি না হলেও ইরান পক্ষ থেকে জানানো হয়েছে যে সংলাপ পুরোপুরি বন্ধ হয়নি। বরং কারিগরি পর্যায়ে আলোচনা ও প্রস্তাব বিনিময়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে এখন বিষয়টি বিশেষজ্ঞ ও কারিগরি পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে। লিখিত প্রস্তাব ও নীতিগত বিষয়গুলো যাচাই করছেন সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।

এ প্রক্রিয়ায় কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও ভবিষ্যতে আলোচনাকে এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা পালন করছে বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা