প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নবনির্বাচিত দুই এমপির শপথ আজ

নবনির্বাচিত দুই এমপির শপথ আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য রোববার (১২ এপ্রিল) শপথ গ্রহণ করবেন। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠের আয়োজন করা হয়েছে।

শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার  হাফিজ উদ্দিন আহমদ। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করবেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই শপথের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল হবে।

এদিকে, শপথ নিতে যাওয়া দুই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বগুড়া–৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচনে। দুই আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা।

বগুড়া–৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।

অন্যদিকে, শেরপুর–৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। বাসদের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।

জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, বগুড়া–৬ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালট ছাড়া ৪২ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছে, যেখানে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৩২৬।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা