প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সংলাপে বসার ঘোষণা দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা নাকচ করল ইরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে দীর্ঘ বৈঠক শেষে তেহরান জানিয়েছে, মতপার্থক্য থাকা সত্ত্বেও সংলাপ অব্যাহত থাকবে।

রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরান সরকার জানায়, উচ্চপর্যায়ের আলোচনা শেষ হওয়ার পর এখন বিষয়টি কারিগরি পর্যায়ে যাচাই করা হচ্ছে। উভয় পক্ষের মধ্যে লিখিত প্রস্তাব বিনিময় চলছে এবং বিশেষজ্ঞরা এসব প্রস্তাবের প্রভাব ও খসড়া নিয়ে কাজ করছেন।

তেহরান আরও জানায়, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও মতবিরোধ রয়েছে। তবে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে উভয় পক্ষই আগ্রহী। এই প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং রাজনৈতিক, নিরাপত্তা ও কারিগরি বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরানের কাছ থেকে তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে স্পষ্ট ও ইতিবাচক প্রতিশ্রুতি প্রয়োজন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নির্দিষ্ট কোনো শর্ত ইরান প্রত্যাখ্যান করেছে কি না তা উল্লেখ করেননি। তবে যুক্তরাষ্ট্রের প্রধান দাবি হচ্ছে—ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করে এবং সে সক্ষমতা অর্জনের পথেও না এগোয়।

ভ্যান্স আরও বলেন, এই নিশ্চয়তা পাওয়া ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যেই আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, ইরানের আগের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, তবে এখন মূল বিষয় হলো—দীর্ঘমেয়াদে ইরান কতটা রাজনৈতিক সদিচ্ছা দেখায়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র শুধু স্বল্পমেয়াদি নয়, বরং দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি চায়। যদিও এখন পর্যন্ত সে ধরনের নিশ্চয়তা পাওয়া যায়নি, ভবিষ্যতে তা অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা