প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪১
তাসকিন আহমেদ তানজিদ,ময়মনসিংহ জেলা জু/মা/জা
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

একই সময়ে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ৩১ শিশু ভর্তি হয়েছে। রোববার সকাল পর্যন্ত সেখানে হাম ও হামের লক্ষণ নিয়ে মোট ৭৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

মৃত শিশুদের মধ্যে একজন গৌরীপুর উপজেলার বাসিন্দা বুলবুল হোসেনের ১০ মাস বয়সী ছেলে সাদেকুল এবং অন্যজন ফুলপুর উপজেলার হুমায়ুন মিয়ার ৯ মাস বয়সী ছেলে সোহান। সোহানকে গত ২২ মার্চ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে সাদেকুলকে ১১ এপ্রিল ভর্তি করার পর একই দিন রাত ১২টার দিকে মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৪০২ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৩১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর এখন পর্যন্ত ১২ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮ শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী আসা শুরু হয়, যা মার্চের মাঝামাঝি থেকে উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে। রোগীদের জন্য হাসপাতালটিতে ৬৪ শয্যার একটি আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে এবং সেখানে তিনটি মেডিকেল টিম চিকিৎসাসেবা দিচ্ছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, নতুন করে আরও ৩১ শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা