রোববার (১২ এপ্রিল) সকালে সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৯টা ২১ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দারা এই কম্পন টের পান, যা মুহূর্তেই এলাকায় উদ্বেগ ছড়িয়ে দেয়।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎস ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর প্রভাব বাংলাদেশের সিলেটসহ আশপাশের সীমান্ত অঞ্চলেও অনুভূত হয়।
এর আগেও গত ৭ এপ্রিল একই অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেদিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে কম্পনটি অনুভূত হয় এবং সিলেটসহ আশেপাশের এলাকায় এর প্রভাব পড়ে।
সর্বশেষ এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক কম্পনের কারণে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী কেন্দ্রিক ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে।