দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সফরসূচি অনুযায়ী লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছানোর পরপরই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক জানান, সৈয়দপুরে চিকিৎসাধীন অবস্থায় মন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং ঢাকায় আনার সময়ও তিনি স্থিতিশীল ছিলেন।
বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।