সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সরকার ও বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর সরকার জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ থেকে সরে গেছে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নতুন সরকার শ্রমিকদের ত্যাগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এলেও খুব অল্প সময়ের মধ্যেই সেই জনগণের সঙ্গেই প্রতারণা করেছে।
তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপান্তর এবং সংস্কার বাস্তবায়নের যে অঙ্গীকার ছিল, তা বিএনপি রক্ষা করেনি। গণভোটের রায় উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকসহ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে এবং সরকারকে দাবি বাস্তবায়নে বাধ্য করা হবে।
ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, ১৯৪৭-এর স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থান—প্রতিটি সংগ্রামেই শ্রমজীবী মানুষের অবদান ছিল সবচেয়ে বেশি।