চাঁদ প্রদক্ষিণ শেষে সফলভাবে পৃথিবীতে ফিরে আসা আর্টেমিস-২ মিশন-এর নভোচারীদের অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশান্ত মহাসাগরে নিরাপদ অবতরণের পর এই অর্জনকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য গর্বের বলে উল্লেখ করেন।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, এই মিশনের ক্রু সদস্যরা অসাধারণ দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। পুরো যাত্রা এবং অবতরণ প্রক্রিয়াকে তিনি নিখুঁত ও সফল বলে অভিহিত করেন।
তিনি আরও জানান, খুব শিগগিরই হোয়াইট হাউসে এই নভোচারীদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে তার। একই সঙ্গে ভবিষ্যৎ মহাকাশ অভিযানের দিকেও ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আবারও বড় ধরনের মহাকাশ অভিযান পরিচালনা করবে এবং আগামী লক্ষ্য হবে মঙ্গল গ্রহে মানব মিশন পাঠানো।
বিশেষজ্ঞদের মতে, এই সফলতা ভবিষ্যতের গভীর মহাকাশ অভিযানের পথ আরও সুগম করবে এবং মানবজাতির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।