কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের বিপুল অঙ্কের অর্থ ছাড় দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সূত্রের দাবি, এই অর্থ মুক্তির বিষয়টি হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার সঙ্গে সরাসরি সম্পর্কিত। অর্থাৎ, জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিতে ইরানের সহযোগিতার বিনিময়ে এই তহবিল ছাড় দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।
একটি সূত্র জানায়, কাতারে থাকা প্রায় ৬ বিলিয়ন ডলারের ইরানি তহবিল ছাড় দেওয়ার বিষয়ে ওয়াশিংটন সম্মতি দিয়েছে। তবে ঠিক কত পরিমাণ অর্থ মুক্ত করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি যুক্তরাষ্ট্র সরকার কিংবা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির অর্থ আটকে যায়। পরবর্তীতে ২০২৩ সালে দোহার মধ্যস্থতায় একটি বন্দি বিনিময় চুক্তির আওতায় সেই অর্থ কাতারের ব্যাংকে স্থানান্তর করা হয়।
চুক্তি অনুযায়ী, ইরানে আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিনিময়ে এই তহবিল ব্যবহারের অনুমতি দেওয়া হলেও পরে ২০২৩ সালের অক্টোবর মাসে হামাস-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে জো বাইডেন প্রশাসন পুনরায় ওই অর্থের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে।
মার্কিন কর্তৃপক্ষ তখন জানিয়েছিল, এই অর্থ শুধুমাত্র মানবিক খাতে—যেমন খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে ব্যবহার করা যাবে এবং তা কঠোর তদারকির আওতায় থাকবে।
বর্তমান প্রেক্ষাপটে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে এই অর্থ ছাড় একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।