প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তেল শুধু সংসদে, দেশে নেই: শফিকুর রহমান

তেল শুধু সংসদে, দেশে নেই: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬

দেশে জ্বালানি সংকট নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মন্তব্য করেন, বাস্তবে তেলের ঘাটতি থাকলেও সরকারের বক্তব্যে তার উল্টো চিত্র তুলে ধরা হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে অ্যাগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ।

তিনি বলেন, সংসদে সরকারি দলের বক্তব্য শুনলে মনে হয় দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, বরং বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। জনগণের করের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

সংসদীয় কার্যক্রম নিয়েও হতাশা প্রকাশ করে তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় সংসদ থেকে জনগণের প্রত্যাশা অনুযায়ী উল্লেখযোগ্য সাফল্য আসেনি। তার ভাষায়, দেশের বিভিন্ন খাতে ‘গোঁজামিল’ ও কাগুজে হিসাবের প্রবণতা বেড়েছে।

ব্যাংকিং খাতের উদাহরণ দিয়ে তিনি বলেন, বাস্তবে নগদ অর্থের সংকট থাকলেও কাগজে-কলমে লাভ দেখানো হচ্ছে। এ অবস্থায় একটি মেধাভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে শফিকুর রহমান বলেন, জ্বালানি সংকটের কারণে সেচ কার্যক্রম ব্যাহত হলে খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে। তিনি সতর্ক করে বলেন, কৃষিতে বিপর্যয় দেখা দিলে বিদেশি সহায়তাও পরিস্থিতি সামাল দিতে পারবে না।

জ্বালানি সংকট মোকাবিলায় তিনি ৬০ থেকে ৯০ দিনের জ্বালানি মজুত গড়ে তোলা, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সিন্ডিকেট ভেঙে বিকল্প জ্বালানি—বিশেষ করে সৌরশক্তির দিকে জোর দেওয়ার পরামর্শ দেন।

এ সময় তিনি অভিযোগ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে জোরপূর্বক নেতৃত্ব দখলের প্রবণতা বাড়ছে, যা দেশের জন্য ক্ষতিকর। এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা