প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাম মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার: স্বাস্থ্য সচিব

হাম মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার: স্বাস্থ্য সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি জানিয়েছেন, গত কয়েক বছরে নিয়মিত টিকাদান কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটার কারণে এখন এই পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব জানান, রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশালে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা কর্মসূচির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, বিশেষজ্ঞ ও পরামর্শক দলের সুপারিশ অনুযায়ী দেশের নির্ধারিত বয়সসীমার সব শিশুকে টিকার আওতায় আনা হবে।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রকোপ বেড়েছে। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত এবং মৃত্যুর ঘটনা ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে কয়েক হাজার শিশু আক্রান্ত হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

সরকার জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম ধাপে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে টিকা দেওয়া হচ্ছে এবং পরবর্তী ধাপে সারা দেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত বয়সসীমার শিশুদের জন্য এই টিকা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা