প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিন্ডিকেটের পেছনে সরকারদলীয়রা জড়িতঃ শফিকুর রহমান

সিন্ডিকেটের পেছনে সরকারদলীয়রা জড়িতঃ শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬

দেশের বড় বড় সিন্ডিকেটগুলোর পেছনে সরকারদলের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতের মতো বর্তমান সময়েও এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে জ্বালানি খাতে বর্তমানে তীব্র সংকট বিরাজ করছে। তবে সংসদে সরকারি দলের বক্তব্য শুনলে মনে হয় দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। তার মতে, কিছু অসাধু চক্রের কারণে সাধারণ মানুষ এই সংকটের ভোগান্তিতে পড়ছে।

তিনি আরও অভিযোগ করেন, নীতিনির্ধারণী পর্যায়ে অবহেলার কারণে মানুষের জীবিকা ও সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশে কৃষি খাতের চাহিদা বিবেচনায় এটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি।

তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য কৃষি, ইলেকট্রো-মেকানিক্যাল খাত এবং মানবসম্পদ—এই তিনটি খাতকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। কৃষিনির্ভর অর্থনীতিতে কৃষিকে অগ্রাধিকার দিয়ে বাকি দুটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।

তবে বাস্তবে এসব খাত বর্তমানে নানা সংকটে রয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা