দলের প্রতি আনুগত্য, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ত্যাগ এবং যোগ্যতাকে ভিত্তি করেই ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলাকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, গত প্রায় দেড় দশকের আন্দোলন-সংগ্রামে যারা গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অভিজ্ঞতাও প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হবে।
তিনি আরও জানান, বিএনপির আদর্শে বিশ্বাসী যে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। তবে মনোনয়ন না পেয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টি করা গ্রহণযোগ্য হবে না। দল সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচন করে এবং এবারও সেই ধারাই বজায় থাকবে।
দলীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ১৫০টি মনোনয়নপত্র জমা পড়েছে এবং প্রথম দিনেই ৫০০টির বেশি ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন ফরম বিক্রি ১২ এপ্রিল পর্যন্ত চলবে এবং জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফশিল ঘোষণা করে। তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা ২১ এপ্রিল শেষ হবে। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই, ২৬ এপ্রিল আপিল গ্রহণ এবং ২৭ ও ২৮ এপ্রিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।